Friday, November 20, 2009

পোল

ব্লগের পুরানো পাতা উলটে দেখছিলাম। বারো পাতা পেছনে একদম প্রথম পোস্ট প্রায় আড়াইবছর আগের। মনে হলো ব্লগ রাখা ভালো। পলকে পলকে পার হয়ে যাওয়া প্রতিশ্রুতির বছরগুলির অনেকগুলি স্থিরচিত্র ধরে রাখা আছে এইখানে। সময়ের সাথে বদলেছে আমার জীবনযাত্রা, বোধ, এবং অভিব্যক্তি। বন্ধু পেয়েছি এবং হারিয়েছি অনেক। নতুন নতুন পাতার পেছনে চাপা পড়ে যাওয়া পুরোনো পাতাতে সেই দিনগুলি ঠিকই ঘুমিয়ে আছে। হারানো সময়ের মতো একটি দু'টি করে পুরোনো প্রিয় লেখা। পুরোনো, সামান্য, কিন্তু আমার কাছে অমূল্য। কিন্তু সেগুলি কি আর কেউ কোনোদিন পড়ে দেখবে? ভিজিটরদের কাছে অনুরোধ, নিচের পোলে অংশগ্রহণ করে আমাকে একটু সাহায্য করুন।

আপনি এই ব্লগের ক'টি পাতা পড়ে দেখেছেন?


Wednesday, November 11, 2009

একা

আমারও খুব ইচ্ছে করে
হাঁটি-- সন্ধ্যা মুছে, অন্ধকারে
চাঁদকে নামাই লেবুগাছের ছাদে
নতুন জামার বিকেল বেলার কৃষ্ণচূড়া
রঙ এঁকে নিই আলপনা দেই হাতে

আমারও খুব ইচ্ছে করে
আবোল তাবোল ময়না পাখি
বেড়াল ছানা খয়রি রঙের রাখতে চেপে বুকে
নদীর জলের মেঘের আলোর মরচে ধরা
একটি ছবি আঁকি

পাখনা এঁকে শীত সরালীর
শীতের শেষে ওদের সাথে উড়ে
উড়ে উড়ে উড়ে উড়ে
মাটির বুকে একটি যেন শুকনো পাতা
হারাই যেনো তেমনি করে অনেক দূরে

আমার যে খুব ইচ্ছে করে
পালক হাতে আলগোছে খুব
জলের মতোন আঁজলা ভরে
ঘূর্ণি হাওয়ায় উড়িয়ে দিয়ে ঘুড়ি
নৌকা হয়ে হারিয়ে যাই ঝড়ে

ঘরের কোণে গানের মতো বেজে বেজে অকারণে
থেমে যাওয়ার অনেক আগে
চিৎকারে সব জানলাগুলোর কাঁচের গুঁড়ো ছড়িয়ে দিতে
জানালা নয় আমার যে খুব
বাতাস হতে ইচ্ছে করে

Friday, November 6, 2009

দুপুরের গল্প

তোমার তো অনেক জামা আছে
আমার মোটেই বেশি জামা নাই। অন্যদের আরও অনেক বেশি থাকে

এইটা তোমার কয় নাম্বার জামা?
চল্লিশ নাম্বার?

তুমি চল্লিশটা পাখির নাম পারো?
আমি একশোটা পাখির নাম পারি

আচ্ছা তুমি যদি চল্লিশটা পাখির নাম বলতে পারো, তাইলে এই ড্রেসটা আমি কিনে দিবো তোমাকে
চড়াই শালিক বুলবুলি টুনটুনি সুঁইচরা-- পাঁচ
মৌটুসি হামিংবার্ড বাতাসি দোয়েল ঘুঘু-- দশ
শঙ্খচিল ভুবনচিল জাঙ্গলব্যাবলার আরকিওপটেরিকস ময়না-- পনেরো
টিয়া ম্যাকাও মরাল সরালী পানকৌড়ি-- বিশ
শ্যামা ফিঙে ধনেশপাখি কাকাতুয়া ময়ুর-- পঁচিশ
বার্ডঅভপ্যারাডাইস মাছরাঙা কাঠঠোকরা বউকথাকও-- তিরিশ
ল্যাগ-ব্যাগার্নিস টার্কি ডোডো ফিঞ্চ লাভবার্ড-- পঁয়তিরিশ
হাঁড়িচাচা... কবুতর... মুরগি... কোয়েল...

আমার একটা পাখির নাম মনে পড়সে... বলে দিবো?
না না আমাকে বলতে দেও, আমি পারবো...
আর... ঈগল!

তুমি অ্যালবাট্রস বলসো?
না! কিন্তু চল্লিশটা পাখির নাম তো বলসি!

হ্যাঁ, শাফকাত ভালো টিচার।

Wednesday, October 28, 2009

নিসময়

..
কুয়াশার জল যায় বলে
সেই তো যেতেই হবে চলে
পুরোনো এ পথ মুছে যাবে
ফেরা তো হবে না কোনো কালে


..
তবু সেই পথ সাথে চলে
পুরোনো হারানো পথ
দেখবো না আর তবু
কার ছায়া নাড়া দেয় স্বপ্নের জলে


..
কুয়াশায় সব পথ হারালে আড়ালে
জানলাম হারিয়েছে সকল ঠিকানা
ল্যাম্পপোস্ট দেখে ভাবি এইই বাতিঘর
কাকে যেনো ডেকে নিলো তোমার বিছানা।


..
কুয়াশার জলে ভিজছে এখন চুল
দীর্ঘ রাতের ডানা থেকে দেখো ঝরে
হারানো স্মৃতির ধূসর বেগুনি পালক
আজ রাতে কেউ কোথাও যাবে না ফিরে