একদিন খুব রাতে আমার ঘুম ভেঙে যায়, শব্দে। জানালার সাথে লাগোয়া আমার বিছানা। জানালার বাইরে বারান্দা। আমার মনেহয় বারান্দার ঠিক সামনে একটি বোমা বিষ্ফোরিত হলো। তারপর সব চুপচাপ এবং আমি খুব ক্লান্ত ছিলাম বলে দ্রুত ঘুমিয়ে পড়ি। কতোক্ষণ পরে জানিনা আবার পর পর কিছু বিষ্ফোরণের শব্দে আমার ঘুম ভেঙে যায়। আমি ভাবি বারান্দায় গিয়ে দেখবো কিনা কী হলো। কিন্তু দীর্ঘসময় আর কোনো শব্দ না হওয়াতে আবারও তন্দ্রাচ্ছন্ন হই। শুনতে পাই খুব দূরে কারো খুব কাতর স্বর। আমি বোঝার চেষ্টা করি এটি বাস্তব না স্বপ্ন। আমি বুঝতে পারিনা। ঘুম জাগরণের মাঝখানে জানিনা কতোক্ষণ ধরে আমি খুব দূর থেকে এক অদ্ভুত অশরীরী কাতর ধ্বনি শুনতে থাকি।