Showing posts with label স্মৃতি. Show all posts
Showing posts with label স্মৃতি. Show all posts

Mar 13, 2012

একটা গান শুনবেন, প্লিজ?


কিছু মাস আগে আমার দাদি মারা যান। সেই উপলক্ষ্যে আমি গ্রামের বাড়ি যাই, অনেক বছর পর। অনেক পরিবর্তন হয়েছে সর্বত্র। তবে বাড়ির জংলা, ছায়াচ্ছন্ন ভাবটির বদল হয়নি।

Sep 20, 2011

বইপড়া

আমার জানালায় কিছু বিষণ্ণ রাজহাঁস/ বৃষ্টিতে ভিজবে, সারারাত
এই ছবি দেখে, ছোটোবেলার পছন্দের বইয়ের কথা মনে উঠলো। আইরিশ রুপকথা, ১৯৯২ সালের একুশে বইমেলা থেকে কেনা, নিজের হাতে মলাট দেওয়া। হার্ডবাইন্ডিংয়ের মোটা বইটিতে অনেক গল্প ছিলো। লেপ্রেকন, জলের ভুত, ডাইনি, আত্মা ইত্যাদির গল্পই বেশি। অনেকগুলা গল্পে ও'নীল নামে একটি চরিত্র থাকতো। সম্ভবত এই বইতে গল্পটি পড়েছিলাম, এক রানির ছয় ছেলের পর একটি মেয়ে হয়, কিন্তু মেয়ে হওয়ার পর ৬ ছেলে রাজহাঁস হয়ে উড়ে যায়। তারপর নানা কাহিনির মধ্যে দিয়া ৬ ভাই হাঁস আবার মানুষ হয়। এই গল্প পছন্দ ছিলো।

Jun 26, 2011

জুলাই

আপচুস আমরা গানগুলিকে কথায় লিখতে পারিনা এবং রঙগুলিকে কানে শুনতে পারিনা এবং যদিও শব্দগুলিকে মাঝেমাঝে চোখে দেখতে পারি বলে আমি জলের শব্দ শুনি এবং ভাবি সমুদ্রে দূরের জলে তিমির দল যদিও তা আমি তোমাকে কথায় লিখে বোঝাতে পারবোনা কিন্তু মাথার ভিতরে কেবলি তিমিরা ছুঁড়ে দেয় জলের ফোয়ারা এবং তা এই রাতের অন্ধকারের পটভূমিতে নীলাভ আলোর আতশবাজিতে বিচ্ছুরিত হয় কিন্তু এই সেলিব্রেশান আমার নিঃসঙ্গ নিজস্ব আমি তা কারো কাছে পৌঁছে দিতে পারিনা কারণ আমরা দূরের কোনো অচেনা শহরে জানালায় ফুলের পাহারায় বৃষ্টিবন্দী হয়ে নেই।

masochistmimes

Feb 20, 2011

পুরানো রাত

















ব্যস্ত তুমি অনেক যখন/ হাজার রকম কাজের ভিড়ে
তোমাকে কেউ করছে মনে/ একটি কোণে চুপটি করে
তার কাছেও একটি তুমি/ থাকছো সবার অগোচরে
দু'জন বসে রইলে কেমন/ শান্ত রাতের নদীর তীরে


Feb 18, 2011

ভালো দিন মজার দিন

তারেক বললো বইমেলাতে আসো, খুব সুন্দর বাতাস, কিন্তু কেউ নাই। বাইরে বের হয়ে দেখি শীত করে, কিন্তু অনেক আলো। মরিচবাতি। মেলাতে এসে দেখি অনেক দোকান বন্ধ, আর বাতাসে গাছের পাতা উড়ে। এমন মজার মেলা কখনও দেখিনি। আবার দেখি মাথার উপর বাজি ফুটে। ভিড় ঠেলে বাইরের টিভিতে দেখি নাচ। লেজারলাইট। মাথার উপরে আতশবাজি। তারপর টিভিতেও। বনিকের আবার মন খারাপ। কেনো যে দেখতে গেলোনা ওপেনিং সেরিমোনি। তাই আমরা ওকে নিয়ে গেলাম শর্মাতে। আর ইন্ডিয়ান ফুড খেতে খেতে টিভিতে ইন্ডিয়ান সুন্দরী দেখে তাদের আর আশ মেটেনা।

তারপর আমরা হাঁটতে হাঁটতে আমার বাসার পথ ধরলাম। পুরা শহর আজকে মরিচবাতি দিয়ে সাজানো। যেনো আজকে এই শহরের বিয়ে। আজকে ঢাকাতে যার বিয়ে ছিলো তার খুব মজা। পুরা শহর তার বিয়েতে সাজানো হোলো। আর আজকে বাতাসে উড়ছে খালি পাতা। আমের ফুলের গন্ধ আর মাঝেমাঝে বাদুড়।

Jan 21, 2009

বিষণ্ণ

বাঁশের বনে শিশির তবু ঝরে
শান্ত স্রোতে নদীটি আজও বহে
স্বপ্নগুলোই মিলিয়ে শুধু গেছে
এই যে আমার একলা শীতল ঘরে।

বনসাই বটগাছ আমাকে বলে
কেন তুমি আমার মতো হবে
ইচ্ছে করে পালিয়ে যাই দূরে
(যেখানে) কাঁচি হাতে কেউ নেবেনা পিছু

ভাল্লাগেনা ভাল্লাগেনা কিছু
আকাশ যেন বিষণ্ণতার নদী
ঘরগুলোকে ভিজিয়ে সেই জলে
মন খারাপের বৃষ্টি বলে চলে

কী লাভ হবে এইভাবে আর বেঁচে
কী প্রয়োজন এইখানে আর থেকে
তাই মনে হয় ভীষণ ক্লান্তি নিয়ে
কেউ চলে যায়, আর বলে যায়- চলো।

২০০০ সালের জানুয়ারি মাসে লেখা, মৃত এক নিকটাত্মীয়ের স্মৃতিতে। তাই এই লাইনগুলি আমার নিজের খুব প্রিয়।